খাগড়াছড়ি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিমুক্ত : জোন কমান্ডার


খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম বলেছেন, খাগড়াছড়ি শহরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিমুক্ত। ১৪৪ ধারা জারি আছে। ১৪৪ ধারা কার্যকরে বাংলাদেশ সেনাবাহিনী তৎপর আছে। এই শহরে কোনো অপ্রীতিকর ঘটনা আশা করি ঘটার আশঙ্কা নেই। তবে একটি কুচক্রী মহল ন্যক্কারজনক ধর্ষণের ঘটনা শুরু থেকে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টায় আছে।
৩০ সেপ্টেম্বর ২০২৫ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকা অস্থিতিশীল করার যে পরিকল্পনা করা হয়েছিল এবং এখনো তারা তৎপর আছে। আমরাও সজাগ আছি। তাদের পরিকল্পনা আমরা নস্যাৎ করেছি। ভবিষ্যতেও খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী কঠোর হস্তে দমন করার জন্য প্রস্তুত।
জোন কমান্ডার আরো জানান যে, অপরাধী দমন, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত টহল ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, যারা যত বেশি উচ্ছৃঙ্খলা হবে আমাদের প্রস্তুতি তত বিস্তৃত হবে। আমরা বেশি জনবল নিয়োগ করব। পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করার পরিকল্পনা কখনো সফল হতে দেব না।’

















