চট্টগ্রামে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিলল লিফটের গর্তে

fec-image

চট্টগ্রাম নগরীর পাঠানটুলি এলাকায় একটি বহুতল ভবনের লিফটের নিচের গর্ত থেকে মাশফিক মাহমুদ খান (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ডবলমুরিং থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মাশফিকের স্বজন আশরাফুল আলম বলেন, মাশফিক আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন। সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাঁকে আবার ভবনে প্রবেশ করে লিফটে ওপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ। শনিবার সকালে ভবনের ১০ তলায় লিফটের দরজা ভাঙা দেখে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা লিফটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে। লিফটের কোনো সমস্যা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মরদেহ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন