জার্মানিকে হারানোর উচ্ছ্বাসে প্যারাগুয়েতে একদিন সাধারণ ছুটি

fec-image

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের আনন্দ উদ্‌যাপনে বুধবার (স্থানীয় সময়) দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় জানান, বিশ্বকাপে জাতীয় দলের অসাধারণ সাফল্য উদ্‌যাপনে পুরো জাতিকে একসঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নকআউট পর্বের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে জার্মানি ও প্যারাগুয়ের লড়াই ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। গোলরক্ষক অরলান্দো হিলের দুর্দান্ত নৈপুণ্য এবং সাডেন ডেথে হোসে কানালের সফল শট নিশ্চিত করে দলের স্মরণীয় জয়।

এই জয়ের মধ্য দিয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে আবারও শেষ ষোলোতে জায়গা করে নেয় প্যারাগুয়ে। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে জার্মানির দীর্ঘদিনের অপরাজেয় ধারারও ইতি টানে তারা।

ঐতিহাসিক এই সাফল্যের পর রাজধানী আসুনসিওনসহ দেশের বিভিন্ন শহরে হাজারো সমর্থক জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে উদ্‌যাপন করেন। রাতভর চলে বিজয় মিছিল, গান, নাচ ও আতশবাজির উৎসব। সামাজিক যোগাযোগমাধ্যমেও জাতীয় দলের প্রশংসায় সরব হন সমর্থকেরা।

সরকার জানিয়েছে, জাতীয় দলের এই সাফল্য দেশের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। তাই খেলোয়াড়দের সম্মান জানাতে এবং জনগণকে উদ্‌যাপনের সুযোগ করে দিতেই এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শেষ ষোলোতে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। জার্মানিকে বিদায় দিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত প্যারাগুয়ে এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জার্মানি, প্যারাগুয়ে, ফিফা বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন