তিন পার্বত্য জেলায় যেতে বিদেশিদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে
স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলায় প্রবেশের জন্য এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বিদেশি নাগরিকদের। জেলা তিনটি হল: রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। তিন পার্বত্য জেলায় যেতে বিদেশিদেরকে অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জেলা প্রশাসকদের এ নির্দেশনা জানানো হয়েছে।
ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে- কূটনৈতিক বাদে যেকোন বিদেশি নাগরিককে তিন পার্বত্য জেলায় যাওয়ার এক মাস আগে অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।
বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো বিদেশী নাগরিক বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা ভ্রমণ করতে পারবেন না।’
জেলা প্রশাসক সম্মেলনকক্ষে বৃহস্পতিবার দুপুরে সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাদের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মিজানুল হক চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, ‘এতদিন তিন পার্বত্য জেলায় বিদেশীদের প্রবেশে জেলা প্রশাসকের অনুমতি লাগত। জেলা প্রশাসনের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে প্রবেশের সুযোগ ছিল। কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতি লাগবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, আবু জাফর, জেলা আনসার বাহিনীর কমান্ডিং অফিসার মোহাম্মদ ইব্রাহিম, জেলা সিভিল সার্জন অনক দেওয়ানসহ বিভিন্ন সরকারি অফিসের জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



















