১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করেছে সরকার : মাহদী আমিন

fec-image

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম ১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

আজ (সোমবার, ২৫ মে) ‘সরকারের ১০০ দিন’ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘অগ্রাধিকারভিত্তিক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এর সুযোগে একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে নানাভাবে গুজব ও অপপ্রচার করছে। প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যা গণআকাঙ্খার সঙ্গে সাংঘর্ষিক।’

এছাড়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর করতে কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের উদ্দেশে সরকারের কাজ চলমান।’

তিনি বলেন, ‘দেশের প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু ও অর্থনীতিতে গতি আনতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে সরকার।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ইতোমধ্যে ৩টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী, বৈদেশিক ঋণ, সরকার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন