তোমাকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত : ঋতুপর্ণাকে প্রধান উপদেষ্টা


পার্বত্য চট্টগ্রামের সন্তান ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তোমাকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত।’ বেগম রোকেয়া পদক ২০২৫ জয়ীদের সংবর্ধনা প্রদাকালে তিনি এমন মন্তব্য করেন। ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় ফুটবলার ঋতুপর্ণা চাকমার কাছে দলের ব্যাপারে সার্বিক খোঁজ নেন প্রধান উপদেষ্টা। নারী দলের থাকা-খাওয়া-অনুশীলনের ব্যবস্থা, দলে নতুন খেলোয়াড় আসছে কী না, যারা আসছে তারা কেমন পারফর্ম করছেন- এসব বিষয়ে খোঁজ নেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের সবাই তোমাদের (নারী ফুটবল দল) ভক্ত। তোমাকে বহু ছেলেমেয়েরা অনুসরণ করে। তোমাকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। তোমাকে সম্মানিত করার অর্থ হলো তোমাকে যারা অনুসরণ করে, তাদেরও অনুপ্রাণিত করা। আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা আরও অনুপ্রাণিত হোক।’
এ সময় ঋতুপর্ণা চাকমা ছাড়াও বেগম রোকেয়া পদক ২০২৫ জয়ী রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস, কল্পনা আক্তার উপস্থিত ছিলেন।

















