নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের ৮ পরিকল্পনা

fec-image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে গণসংবর্ধনায় দেওয়া বক্তৃতায় তিনি দেশ পরিচালনায় নতুন মাত্রা আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লক্ষাধিক সমর্থকের উপস্থিতিতে তিনি ঘোষণা করেন, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’ নির্বাচনী আচরণবিধি বিবেচনায় তিনি বিস্তারিত না বললেও দেশ গঠনের ৮টি পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছেন।

৮টি প্রধান পরিকল্পনা
১. ফ্যামিলি কার্ড
প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে মাসে ২ থেকে আড়াই হাজার টাকা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

২. কৃষক কার্ড
কৃষকরা কৃষক কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে সার, উন্নত বীজ ও কৃষি উপকরণ পাবেন। সহজ ঋণ সুবিধা ও বাজার প্রবেশাধিকার নিশ্চিত করা হবে।

৩. প্রাথমিক স্বাস্থ্যসেবা
সারাদেশে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্য কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০% নারী হবেন।

৪. শিক্ষাখাতে সংস্কার
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার দেওয়া হবে। মাধ্যমিক থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

৫. ক্রীড়া উন্নয়ন
চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া বাধ্যতামূলক করা হবে। নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২ থেকে১৪ বছর বয়সী খেলোয়াড়দের বৃত্তি এবং ৬৪ জেলায় ইনডোর স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

৬. পরিবেশ সংরক্ষণ
নবায়নযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং বৃদ্ধি করা হবে। ২৫ হাজার কিলোমিটার নদী-খাল খনন করে পানি প্রবাহ নিশ্চিত করা হবে।

৭. অর্থনৈতিক সংস্কার
শিল্প সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং ব্যবস্থা স্বচ্ছ ও দলীয়করণমুক্ত করা, বিসিএসসহ সব সরকারি নিয়োগে মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করা।

৮. ধর্মীয় নেতাদের ভাতা
ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের ভাষণ জাতিকে আশান্বিত করেছে, তিনি দেশ গঠনের পরিকল্পনার কথা বলেছেন।

রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহর মতে, তারেক রহমানের বক্তব্য মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে, তিনি জাতীয় নেতা হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, আবেগতাড়িত না হয়ে কাজের মাধ্যমে বক্তব্যের প্রতিফলন ঘটলে দেশ উপকৃত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন