নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার (১ ফেব্রুয়ারি) সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কন্টিনজেন্ট ও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
টেকনাফ, সেন্ট মার্টিন ও মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্তদের সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন রয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বতোভাবে প্রস্তুত রয়েছে।
একই সঙ্গে নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে, যাতে এই নির্বাচন একটি দৃষ্টান্তমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সক্রিয় ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।
সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

















