প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২

fec-image

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলায় নৌযানে থাকা আরও একজন ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, সোমবার একটি নৌযানের ওপর ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ পরিচালনা করা হয়। তাদের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এক বিবৃতিতে সাউথকম জানায়, হামলায় দুইজন ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং একজন ব্যক্তি জীবিত রয়েছে। সংঘর্ষের পরপরই জীবিত ব্যক্তিকে উদ্ধারে সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম চালুর জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করা হয়।

হামলার ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে সাউথকম। ভিডিওতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকলেও সেটির গতি ধীর হয়ে যায়।

এর আগে গত সপ্তাহে পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় দুইজন নিহত হওয়ার দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র। জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে রাতের আঁধারে পরিচালিত এক রক্তক্ষয়ী অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর থেকে এখন পর্যন্ত নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত হামলার সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

বিভিন্ন গণমাধ্যম ও পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে এখন পর্যন্ত ৩৯টি নৌযানের ওপর যুক্তরাষ্ট্র মোট ৩৭টি হামলা চালিয়েছে। এসব হামলায় সর্বশেষ ঘটনাসহ মোট নিহতের সংখ্যা অন্তত ১৩০ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রশান্ত মহাসাগর, মার্কিন হামলা, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন