বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র করতে চাওয়ার বিষয়টি ব্যাখ্যা করে বলা উচিত প্রধানমন্ত্রীর: মির্জা ফখরুল


সাদা চামড়ার লোকেরা এখানে (বাংলাদেশে) এয়ারবেজ এবং বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ভয়ংকর একটা কথা বলেছেন। তিনি বলেছেন সাদা চামড়ার লোকেরা নাকি এখানে (বাংলাদেশে) এয়ারবেজ তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজ আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা। তারা (বিদেশি) কেন এটা চাইছে আর কেনই বা এত দেরিতে আপনারা এটা প্রকাশ করছেন, সেটা আমরা জানতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ না।
তিনি আরও বলেন, আজ যে ভয়াবহ দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে তাদের সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আলহাজ মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ওবায়দুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

















