বিএনপি ক্ষমতায় এলে যথাসময়ে জাতীয় পে-স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে : তারেক রহমান


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী বক্তব্যে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে যথাসময়ে জাতীয় পে-স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে।
৯ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নির্বাচনী বক্তব্যে তারেক রহমান বলেন, আমরা ইতোমধ্যে জনগণের সামনে উপস্থাপিত নির্বাচনী ইশতেহারে বলেছি, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে-স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, পতিত পরাজিত ফ্যাসিবাদ অপশক্তি দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দিয়েছিল। প্রশাসনকে চূরান্তভাবে দলীয়করণ করেছিল। প্রশাসন পরিচালনায় বিএনপির নীতি হবে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান চলবে সাংবিধানিক নিয়মে। প্রশাসনে দলীয়করণ নয়। প্রশাসনে পদোন্নতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। জনপ্রশাসন সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে না পারলে আমাদের কোনো উদ্যোগেরই সুফল মিলবে না।
তারেক রহমান বলেন, বাংলাদেশে প্রায় ২ লাখ মসজিদ রয়েছে। এই মসজিদে কয়েক লাখ খতিব, ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে আমাদের রয়েছে ধর্মীয়, সামাজিক, আত্মিক এবং আধ্যাতিক সম্পর্ক। এদের অনেকেই আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের ইমাম, খতিব এবং মুয়াজ্জিন এবং একই ভাবে অন্য সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই।


















