বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি


কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য এই উড়ো চিঠির মাধ্যমে তাঁকে চরম হুঁশিয়ারি প্রদান করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) তিনি এই চিঠি পান। শাহজাহান চৌধুরীর নিকট পাঠানো চিঠিতে উল্লেখ করা হয় যে, তিনি যেন নির্বাচন থেকে বিরত থাকেন।
চিঠিতে লেখা হয়েছে, “আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন।”
চিঠিটির শেষে প্রেরক হিসেবে ‘ব্যাটালিয়ন-৭১’ নামক একটি সংগঠনের কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলম-এর নাম ব্যবহার করা হয়েছে।
একজন প্রবীণ রাজনীতিবিদকে এভাবে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে একটি স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত হিসেবে দেখছেন সচেতন মহল। অনেকেই একে “দেশদ্রোহী ও কাপুরুষোচিত” কাজ হিসেবে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
নির্বাচনী প্রচারণা চলাকালীন প্রার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। তাই এই চিঠির রহস্য উদ্ঘাটন এবং এর নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এদিকে এই চিঠির ব্যাপারে বিএনপির দলীয় হাই কমান্ডকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হুমকি প্রাপ্ত বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হবে।

















