ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইসি’র ঘোষণা মতে প্রচার-প্রচারণা ও গণসংযোগের নির্ধারিত তারিখ থেকে বিরতিহীনভাবে নির্বাচনী এলাকায় গণসংযোগে মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ৮ম দিনে তিনি চকরিয়া পৌরসভায় নির্বাচনী গণসংযোগ করেন।
চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ায় গণসংযোগকালে পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যাতে আর কোনো দিন আমাদের ভোটাধিকার কেউ হরণ করতে না পারে। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ করতে পারবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে—বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।
গণসংযোগের শুরুতেই চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার হালকারারা, হিন্দুপাড়া, বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, আমাইন্নারচরসহ বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার গণসংযোগে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এ সময় সালাহউদ্দিন আহমদ সকলের কাছে ধানের শীষে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন—চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, পৌরসভা বিএনপি নেতা নুরুল হক রিটু, এ. এম. আলী আকবর, সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান, একরামুল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

















