নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে

পূর্ব তিমুরকে ৮ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

fec-image

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে আজ শুক্রবার মুখোমুখি হয় বাংলাদেশ ও পূর্ব তিমুর। যেখানে জয়ের ধারা ধরে রেখেছে আফিদার দল।

শুরুর প্রথম ১৫ মিনিট খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে গড়ে ওঠা একাধিক ভালো আক্রমণ নষ্ট হয় ফিনিশিংয়ের ব্যর্থতায়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা। ৩৩তম মিনিটে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান বাড়ান শান্তি মার্ডি। কর্নার থেকে সরাসরি গোল করেন তিনি।

পরের গোলটাও আসে কর্নার থেকেই। ঠিক তিন মিনিট পর আবার কর্নার নেন মার্ডি, তবে এবার সরাসরি নয়, চমৎকার হেডে বল জালে জড়ান নবীরণ খাতুন। ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকা-তৃষ্ণার দারুণ বোঝাপড়ায় আবারো গোল উদযাপন করে বাংলাদেশ। বক্সে ডান দিকে সাগরিকার কাটব্যাক পেয়ে জালে জড়ান তৃষ্ণা। ৪ গোল নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর লড়াই করা দূরে থাক, বাংলাদেশের আক্রমণ ঠেকিয়েই হয়রান পূর্ব তিমুর। ৫৭ মিনিটেই পঞ্চম গোল পেয়ে যায় পিটার বাটলারের দল। জটলার ভেতর থেকে বল পেয়ে জালে জড়ান তৃষ্ণা।

এরপর ৭৩তম মিনিটে গোলের খাতায় নাম তোলেন আগের ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন তিনি।

৮১তম মিনিটের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে মেয়েরা। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা সাগরিকার আড়াআড়ি পাস জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা।

আর রেফারির শেষ বাঁশি বাজানোর আগে অষ্টম গোলটি উপহার দেন মুনকি আক্তার। জটলা থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান তিনি।

এর আগে, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক লাওসকে। টানা দুই জয়ে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষেই আছে।

আগামী রোববার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ট্রাম্প, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন