মহালছড়িতে পার্বত্য ৩ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মহালছড়ি প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খাগড়াছড়িতে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহালছড়িতে পার্বত্য তিনটি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ সমর্থিত তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখা এই মিছিল ও সমাবেশ করে ।
বিক্ষোভ মিছিলটি বাবু পাড়া থেকে শুরু হয়ে বাসস্টেশন হয়ে ঘুরে এসে মহালছড়ি ২৪ মাইল নামক স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে গনতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিদর্শন খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সর্বানন্দ চাকমা, গণতান্ত্রিক যুবাফোরাম মহালছড়ি উপজেলা শাখার সভাপতি হৃদয় বিন্দু চাকমা, ও পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি সুমন্ত চাকমা প্রমূখ।
সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, গত জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অসাংবিধানিক ও অন্যায়ভাবে ১১ দফা নির্দেশনা জারি করে। উক্ত নির্দেশনা জারির পর থেকে পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের জন্য আন্দোলনরত ইউপিডিএফ ও তার অঙ্গসংগঠন সমূহের কর্মীদের গ্রেপ্তার ও হয়রানী করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, গত ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে ৮ সংগঠন এক মিছিলে প্রশাসন নির্বিচারে নারী-পুরুষসহ মিছিলে আগত সবার উপর হামলা ও লাঠিপেটা করে মিছিল থেকে আটক করা হয় হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা ও সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমাকে।



















