মাতারবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে টমটম চালকের মৃত্যু


মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে গ্যারেজে ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরা মিয়া (১৬) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে।
২৬ অক্টোবর সকাল ১১টার দিকে দক্ষিণ মগডেইল এলাকার ডেজিবর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত গুরা মিয়া একই এলাকার রাজা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজে টমটমের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তার সংযোগ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হন গুরা মিয়া। পরে স্থানীয়রা উদ্ধার করে নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

















