মিজানুর রহমানকে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নিয়োগ


অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ মিজানুর রহমান। নিয়োগের পূর্বে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনস্বার্থে নিয়োগের আদেশ জারি করেন।
রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মিজানুর রহমানের সরকারি কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালের ১৫ নভেম্বর। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। কর্মজীবনের শুরুতে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।
এরপর তিনি বাংলাদেশ জনপ্রশাসন সংস্কার কমিশন (পিএআরসি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি, কর্মজীবনের অংশ হিসেবে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেন।


















