মিডিয়া ছাড়লেন শিশুশিল্পী লুবাবা, প্রকাশ্যে আর মুখও দেখাবেন না


প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু অভিনয়ই নয়, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লুবাবার মা জানান, লুবাবার নিজের উপলব্ধি থেকেই এই পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘লুবাবা ধর্মীয় বই ও হাদিস পড়ে জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সে মনে করছে, এই অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয়। তাই সে অভিনয় ছেড়ে দিয়েছে এবং নেকাব পরা শুরু করেছে।’
জেমি আরও জানান, লুবাবা ইতোমধ্যেই কোরআন খতম দিয়েছে। তার সময় এখন কাটছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়ে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় শর্ত মিডিয়া ছাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে লুবাবা কিছু প্রচারণার কাজ চালিয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রে একটি কঠোর শর্ত রয়েছে।
তার মা জানান, লুবাবা যদি কোনো প্রমোশনাল কাজ করে, তবে তা নেকাব পরেই করবে। মুখ খুলে কোনো কাজ করবে না।
ওমরাহ পালনের পরিকল্পনা ধর্মের প্রতি লুবাবার এই অনুরাগের অংশ হিসেবে আগামী রমজান মাসে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে বলে পরিকল্পনা করেছে তার পরিবার।
দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই শোবিজে পা রেখেছিল লুবাবা। তার চটপটে কথাবার্তা ও অভিনয়ের কারণে অল্প সময়েই ব্যাপক পরিচিতি পেয়েছিল সে। তবে এখন সেই চেনা জগতকে বিদায় জানিয়ে ধর্মে মনোযোগ দিয়েছে এই শিশুশিল্পী।
















