ঈদগাঁওয়ে চুরি হওয়া টমটম উদ্ধারসহ আটক ২


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ চোরাইকৃত মিনি টমটমসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ার আলী আহম্মদের ছেলে রায়হান (২০) এবং ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার গিয়াস উদ্দীনের ছেলে মোঃ ইমরান (২৩)।
শনিবার (১৪ মার্চ) গভীর রাতে চুরির ঘটনায় জড়িত দুইজনকে আটক করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাইকৃত টমটমটি উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, টমটম চুরির ঘটনায় জড়িত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী সময়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ রাতে ঈদগাঁও বাসস্টেশনের দক্ষিণ পাশে চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি সবুজ রঙের মিনি টমটম চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী আবু নাছির বাপ্পি থানায় বিষয়টি জানালে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং পরদিন দুই চোরসহ টমটমটি উদ্ধার করে।

















