ঈদগাঁওয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

সন্ধ্যা ৭টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্যের দায়ে কক্সবাজারের ঈদগাঁও বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পরিচালিত অভিযানে ঈদগাঁও স্টেশনের বনফুল ও তাসমিন ইলেকট্রনিক্স নামের দুটি প্রতিষ্ঠানকে দোকান খোলা রাখার অভিযোগে এ জরিমানা করা হয়।
এদিকে অভিযানের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ব্যবসায়ী মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অনেকের দাবি, দিনের তুলনায় সন্ধ্যার পরই বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে। ফলে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দোকান বন্ধ করতে বাধ্য হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়সীমা মেনে চলতে ইতিপূর্বে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

















