ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের রহস্যময় নীরবতা


কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঈদগাঁও নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে । অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে এ অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলেও প্রশাসন রহস্যময় কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও নদীর ইজারা বহির্ভূত নদী এলাকা জালালাবাদ ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন নদীর পূর্ব পাশ থেকে দীর্ঘ দিন যাবত অনুমোদনহীন ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চিহ্নিত চক্র।
স্থানীয়রা জানান,রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্রোর নেতৃত্বে প্রশাসনকে ম্যানেজ করে অনুমোদনহীন এ অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। পাশাপাশি সে জন চলাচলের পথ ও জনসাধারণের জায়গার উপর পাইপ বসিয়ে এসব বালু বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে। এসব বালু আবার অবৈধ ডাম্পার যোগে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে চললেও নাকের ডগায় থাকা স্থানীয় ও উপজেলা প্রশাসন রহস্যজনক ভাবে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীর দাবি। তবে কি সরকারের রাজস্ব ফাঁকির এ অবৈধ আয়ের একটি অংশ সংশ্লিষ্ট প্রশাসনের পকেটে যাচ্ছে !
অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্রোর মোবাইল নম্বরে বারবার কল দিলেও রিসিভ করেননি।
জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনির কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন,তিনি বিষয়টি জেনে গত কোরবানির ঈদের আগে চৌকিদার পাঠিয়েছিলেন। রাবার ড্যাম কমিটির সাধারণ সম্পাদক হয়েও যদি এ কাজ করেন তবে সংশ্লিষ্ট প্রশাসনই এ বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।
ঈদগাঁও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জব্বারের সাথে কথা হলে জানান, উক্ত এলাকা থেকে বালু উত্তোলন অবৈধ।তিনি বিষয়টি এতদিন জানেননা এবং এ বিষয়ে ব্যবস্থা নিবেন।
ঈদগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অ:দা শারমিন সোলতানার সরকারি নম্বরে বারবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
নদী উপকূলের বাসিন্দাদের অভিযোগ, এ অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর উভয় পাশের জরাজীর্ণ বেড়িবাঁধ বর্ষা মৌসুমে ভেঙে জনবসতি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিপূর্বে এভাবে বালু উত্তোলনের কারণে উক্ত ইউনিয়নের একটি ব্রীজ পানিতে তলিয়ে গিয়েছিল। তারা অবিলম্বে এ বালু উত্তোলন বন্ধ ও জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
















