যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না তারা আসলে পাগল- আল্লামা আহমদ শফি
জেলা প্রতিনিধি, রাঙামাটি:
হেফাজত ইসলামের আমীর মাওলানা শাহ আহমদ শফি বলেছেন, হেফাজত ইসলাম বনের বাঘ বা হাতি নয়। মুসলমানদের মধ্যে ঈমান, আকিদার শিক্ষা দেয়া এবং হেফাজত বা সংরক্ষণ করার নাম হচ্ছে হেফাজত ইসলাম। হেফাজত ইসলাম ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করছে। তিনি বলেন, যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করেনা বা নাস্তিক তারা আসলে পাগল। তারা মুসলমানদের ঈমান-আকিদা ধ্বংস করতে চায়। ইহুদি-নাসারা ও নাস্তিকদের ষড়যন্ত্র মোকাবেলা করে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
শনিবার রাঙামাটি সদরের মানিকছড়ি বিসিক মাঠে মানিকছড়ি যুব কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
মাওলানা আবু বক্করের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হেফাজত ইলামের মহাসচিব হাফেজ মাওলানা জুনায়েদ বাবু নগরী, নানুপুর জামেয় ইসলামিয় ওবায়দিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাউদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম তকরীর পেশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ বাবু নগরী বলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। হেফাজত ইসলাম বাংলাদেশের শান্তি ও সার্বভৌমত্বের জন্য কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশে গান বাজনা ও বেহায়াপনার জন্য অনুমতি দেয়া হয় কিন্তা হেফাজত ইসলামের ইসলাম প্রচারের শান্তিপূর্ণ সমাবেশ বা ওয়াজ মাহফিলের অনুমতি দেয়া হয়না।
আলোচনা শেষে মাওলানা শফি দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।



















