ইউপিডিএফ নেতা ধর্মশিং চাকমাকে হত্যা, অভিযোগের তীর জেএসএস সন্তু গ্রুপের বিরুদ্ধে


রাঙ্গামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মশিং চাকমা (৩২) জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত ধর্মশিং চাকমা কুতুকছড়ির ৪ নম্বর ওয়ার্ডের মৃত ধনঞ্জয় চাকমার ছেলে। এই ঘটনায় আহত হন ধর্মশিংয়ের দুই বোন ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫)। তাঁদের রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় অনুসন্ধানে জানা যায়, আজ ভোরে কাউখালি উপজেলা হতে রাঙ্গামাটি সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের নারাছড়ি এলাকা হয়ে জেএসএস সন্তু এর গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমা এর নেতৃত্বে ১০_১২ জনের একটি সশস্ত্র দল কুতুকছড়ি ইউনিয়নে আগমন করে এবং সুযোগ বুঝে ধর্মশিং চাকমাকে সশস্ত্র দল লক্ষ্য করে গুলি করে। তাঁর বুকে ও কোমরে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই সময় বাড়ির উঠানে কাজ করা তার দুই বোনও গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। সংগঠনটি এক বিবৃতিতে , যুবনেতা ধর্মশিং চাকমার হত্যাকারী জেএসএস সন্তু বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি বিচারের আওতায় আনার দাবি জানান।

















