প্রথম বেসরকারি অরবিটাল রকেট উৎক্ষেপণে ভারতের সাফল্য

fec-image

ভারতের বেসরকারি মহাকাশ খাত নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। দেশটির বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি ‘বিক্রম-১’ রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

শনিবার ( ১৮ জুলাই) ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, বিক্রম-১ সফলভাবে প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতার লো আর্থ অরবিটে (LEO) নির্ধারিত পেলোড স্থাপন করেছে। পূর্বনির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে উৎক্ষেপণ সম্পন্ন হয়। পরে স্কাইরুট অ্যারোস্পেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাদের প্রথম বেসরকারি অরবিটাল রকেট সফলভাবে মিশন সম্পন্ন করেছে।

এই সাফল্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা ও নাগা ভারত ডাকাকে ফোন করে অভিনন্দন জানান।

ইসরোর সাবেক দুই বিজ্ঞানীর প্রতিষ্ঠিত স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি বিক্রম-১ রকেটটি প্রায় ৩৫০ কেজি পর্যন্ত পেলোড ৪৫০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে বহনে সক্ষম। রকেটটিতে হালকা কার্বন কম্পোজিট কাঠামো এবং অত্যাধুনিক থ্রিডি-প্রিন্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

এই মিশনে রকেটটির নেভিগেশন, গাইডেন্স ও প্রপালশন সিস্টেমের কার্যকারিতা যাচাই করা হয়। একই সঙ্গে কয়েকটি প্রযুক্তিগত পেলোড মহাকাশে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কসমোসার্ভ স্পেসের রোবোটিক আর্ম ‘এমব্রেস’, গ্রাহা স্পেসের ‘সোলারাস’ স্যাটেলাইট এবং স্কাইরুটের পরীক্ষামূলক স্যাটেলাইট ‘স্কোপ’।

এ ছাড়া প্রতীকী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা একটি পোস্টকার্ড, ভারতীয় বিজ্ঞানী বিক্রম সারাভাই, সি. ভি. রমন ও এ. পি. জে. আব্দুল কালামের ক্ষুদ্র ভাস্কর্য এবং গবেষণাগারে তৈরি একটি হীরাও এই অভিযানে মহাকাশে পাঠানো হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত, রকেট উৎক্ষেপণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন