ফাইনালে ঐতিহ্যবাহী হোম জার্সিতেই মাঠে নামছে আর্জেন্টিনা


বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের চিরচেনা ঐতিহ্যবাহী হোম জার্সি পরেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই মহারণে লিওনেল স্কালোনির দলকে দেখা যাবে সাদা-আকাশি ডোরাকাটা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজায়।
চলতি আসরে কয়েকটি ম্যাচে আর্জেন্টিনা বিকল্প কিট ব্যবহার করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তারা বেছে নিয়েছে পরিচিত হোম কিট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে ঐতিহ্যবাহী এই জার্সিতেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
এবারের বিশ্বকাপে সব ম্যাচে একই কিটে খেলেনি আর্জেন্টিনা। জর্ডান ও ইংল্যান্ডের বিপক্ষে তারা অ্যাওয়ে নীল জার্সি ব্যবহার করেছিল। তবে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচগুলোতে খেলেছিল হোম জার্সিতে। সেই সফল কিটেই এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে স্কালোনির শিষ্যরা।
গোলবারের নিচে আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ সবুজ কিটে। অতীতের বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচেও তিনি একই রঙের পোশাক পরে খেলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও তার গায়ে ছিল সবুজ কিট। এছাড়া কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে নকআউট ম্যাচগুলোতেও আর্জেন্টিনা সাদা শর্টস ও সাদা মোজা ব্যবহার করেছিল।
অন্যদিকে স্পেনও ফাইনালে ফিরছে তাদের ঐতিহ্যবাহী লাল জার্সিতে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প কিটে খেললেও শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের পরনে থাকবে লাল জার্সি, লাল শর্টস ও লাল মোজা। জার্সির হাতায় থাকবে নীল রঙের ছোঁয়া, সঙ্গে থাকবে হলুদ নকশা।
এবারের ফাইনালে দুই দলই নিজেদের ঐতিহ্যবাহী রঙে মাঠে নামায় শিরোপার লড়াইয়ে বাড়তি আকর্ষণ যোগ হচ্ছে।
















