রামগড়ে আটক ইউপিডিএফ কালেক্টর পুলিশ পাহারায় চট্টগ্রামে চিকিৎসাধীন


খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলা রামগড়ের স্থানীয় জনতা ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কালেক্টর সুপায়ন মারমাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। তবে আটকের সময় ওই কালেক্টরকে স্থানীয়রা মারধর করায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুপায়ন মারমা (৫০) এর বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মিছড়ি উপজেলার মরমছড়ি গ্রামে। পিতার নাম রেদাচাই মারমা। ঘটনার তদন্তে কাজ করছে রামগড় থানা পুলিশের একটি টিম।
জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রামগড় উপজেলার লালছড়ি এলাকায় একটি নির্মানাধীন কালভার্টের ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। এ সময় সুপায়ন মারমার কাছে চাঁদা আদায়ের রশিদ, কিছু নগদ টাকা, মোবাইল ফোন ও একটি ছুরি পাওয়া যায় বলে স্থানীয়রা দাবি করে।
পরবর্তীতে খবর পেয়ে রামগড় জোনের (৪৩ বিজিবি) আওতাধীন খাগড়াবিল সিআইও ক্যাম্প হতে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে খাগড়াবিল বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্প থেকে তাকে প্রথমে রামগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রামগর থানার ওসি মোহাম্মদ নাজির আলম পার্বত্যনিউজকে জানান, স্থানীয় জনতা কালেক্টরকে আটকের পর মারধর করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য রামগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে চিকিৎসকরা কারেক্টরকে উন্নত চিকিৎসার জন্য ১৪ ফেব্রুয়ারি রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরো জানান, মানবিক বিবেচনায় আটক ব্যক্তির শারীরিক সুস্থ্যতার বিষয়টি গুরুত্বারোপ করা হয়েছে। স্থানীয়দের মারধরে তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে পড়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য থানা পুলিশের তদন্ত টিম কাজ করছে বলেও জানান ওসি।

















