৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত

fec-image

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংস ঘটনায় গ্রেফতার ৪২ এইচএসসির পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

২ আগস্ট শুক্রবার বিকেল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের জামিন শুনানি হয়।

শিক্ষার্থীদের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। এছাড়া সিজিএম আদালতে আরও পাঁচ পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে।

এর আগে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেফতার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি বিকেলে অনুষ্ঠিত হবে।

এদিকে, ১ আগস্ট বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পান।

একইদিন রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

এ ছাড়া আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে বলে জানান শরীফ মাহমুদ অপু।

এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, শিক্ষার্থীদের অকারণে হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২ আগস্ট শুক্রবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের অকারণে হয়রানি ও আটক না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি করা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আটকদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন