অনশন না ভাঙলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে সোনম ওয়াংচুকের


লাদাখের সমাজকর্মী, শিক্ষা সংস্কারক ও পরিবেশবাদী সোনম ওয়াংচুকের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালত বলেছেন, প্রতিটি নাগরিকের জীবন মূল্যবান এবং তা রক্ষায় কর্তৃপক্ষের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।
বৃহস্পতিবার এক আবেদনের শুনানিতে আদালত এ নির্দেশ দেন। আবেদনে দাবি করা হয়, ৫৯ বছর বয়সী ওয়াংচুক ১৯ দিন ধরে আমরণ অনশনে রয়েছেন। তিনি অনশন না ভাঙলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হতে পারে।
আবেদনে আরও বলা হয়, অনশন শুরুর পর থেকে ওয়াংচুকের ওজন প্রায় সাড়ে ৮ কেজি কমেছে। পাশাপাশি তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও আশঙ্কাজনকভাবে কমে গেছে। অভিযোগ করা হয়, পরিস্থিতি মোকাবিলায় সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।
আবেদনকারীদের দাবি, ওয়াংচুককে সরকারি হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন ও খনিজ—প্রয়োজনে তরল আকারে—সরবরাহ করা উচিত। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার উল্লেখ করে বলা হয়, তার মৃত্যু হলে তা দেশের জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে।
শুনানিতে আদালত জানতে চান, ওয়াংচুকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে কেন সার্বক্ষণিক সরকারি চিকিৎসা তদারকি নেই। জবাবে সরকারপক্ষ জানায়, প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে সব সময় সরকারি চিকিৎসক উপস্থিত থাকেন না; প্রয়োজন অনুযায়ী বেসরকারি চিকিৎসকরাও দায়িত্ব পালন করেন।
এ সময় আদালত নির্দেশ দেন, প্রতিদিন সরকারি চিকিৎসকদের মাধ্যমে ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে ওষুধও দিতে হবে বলে মন্তব্য করেন আদালত।
এর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, অনশনে থাকলেও তার শারীরিক অবস্থা এখনও নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো উদ্যোগ না আসা পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না বলেও জানান।
তিনি বলেন, দুর্বলতা থাকলেও এখনও হাঁটতে পারছেন। শুধু অনশন ভাঙার আহ্বান না জানিয়ে তিনি ২০ জুলাই বিপুল সংখ্যক মানুষকে দিল্লির যন্তর মন্তরে এসে আন্দোলনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
গত ৩ মে অনুষ্ঠিত নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন সোনম ওয়াংচুক।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এ আমির খান অভিনীত ‘ফুনশুখ ওয়াংড়ু’ চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল।

















