রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান


টানা বৃষ্টি ও চলমান প্রাকৃতিক দুর্যোগে রাঙামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, নদীভাঙন এবং নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ার ঘটনায় চরম দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এমন পরিস্থিতিতে উপজেলার দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার তিনটি ইউনিয়নের দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে এসব সহায়তা পৌঁছে দেন পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান সোলেমান, উপজেলা যুবদলের সদস্যসচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, মহিলা নেত্রী লাকি মারমা, শিল্পী আক্তার, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, কৃষক দলের সভাপতি বিষু সাহা, উদয় মেম্বার, নুরুল আলম মেম্বার, ভুবন তঞ্চঙ্গ্যা, ছকির আহম্মদসহ বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে চেয়ারম্যান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সবসময় রয়েছে। দুর্গম এলাকার কোনো পরিবার যেন খাদ্য ও চিকিৎসাসেবার অভাবে কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের আশা, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

















