ঈদগাঁওয়ে পাচারকালে বার্মিজ গরুবোঝাই গাড়ি জব্দ, চালক গ্রেফতার


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অবৈধভাবে পাচারকালে ১০টি বার্মিজ গরু জব্দ করেছে। এ সময় পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ চালক সিরাজুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ মে) রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এলপিজি পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত চালক রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উখিয়ার ঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কের ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় পাশ্ববর্তী রামু উপজেলার পানিরছড়া এলাকা থেকে আসা গরুবোঝাই একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে (রেজিস্ট্রেশন নম্বর: ভোলা-ড-১১-০৪১১) থামানোর সংকেত দিলে গাড়িটি থামামাত্র পেছনে থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে পাশের ধানক্ষেতের দিকে পালিয়ে যায়।
এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ১০টি গরুসহ গাড়িটি জব্দ করে। জিজ্ঞাসাবাদে ধৃত চালক সিরাজ স্বীকার করেন, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা গরুগুলো বিক্রির উদ্দেশ্যে ঈদগাঁও বাজারে নেওয়া হচ্ছিল। যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত চালক সিরাজুল ইসলামসহ পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

















