ঈদগাঁওয়ে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল


কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক জনপ্রিয় সাধারণ সম্পাদক ও কারা নির্যাতিত নেতা চেয়ারম্যান আলমগীর তাজ জনির বহিষ্কারাদেশ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে (২৪ নভেম্বর ) বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
উপজেলার প্রধান কেন্দ্রস্থল ঈদগাঁও বঙ্কিম বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের অলিগলি, বাসস্টেশন ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আলমগীর তাজ জনির দলের জন্য ত্যাগ এবং জিয়ার আদর্শের প্রতি তার অবিচল অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে হওয়া এই আনন্দ মিছিলের অগ্রভাগে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুর রহমান শহীদ, উপজেলা বিএনপির সাবেক নেতা মোজাম্মেল মেম্বার, ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ দাদা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজমগীর, সাবেক মেম্বার মমতাজ আহমদ, জালালাবাদ বিএনপি নেতা শহিদুর রহমান শহীদ, ওমর ফারুক ও ওমর ফারুক লিটন প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলমগীর তাজ জনির নেতৃত্বে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজলের হাতকে শক্তিশালী করার শ্লোগান দেন।
প্রসঙ্গত, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তখনকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে দলের সবধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি বিপুল ভোটে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখনো দায়িত্ব পালন করছেন। গত ২৩ নভেম্বর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় সদস্য পদ ফিরিয়ে দেয় কেন্দ্রীয় বিএনপি।

















