খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রিত্বে থাকবেন কি না, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমি আগেই বলেছি, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ডেডিক্যাটলি এই কাজটি করতে হলে তাকে ওখানে সময়টা দিতেই হবে। তার মানে এই না যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। আমি মনে করি, এটি প্রধানমন্ত্রী এবং তার (পররাষ্ট্রমন্ত্রী) সিদ্ধান্ত।
গত মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর বাংলাদেশ এ পদে নির্বাচিত হলো।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো তথ্যকে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। তবে বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণ এসেছে বলে জানান তিনি।
এদিকে গতকাল মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বাংলাদেশের একটি হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানেন বলে দাবি করে বক্তব্য দেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ বলেন, একটি রাজ্যের পরাজিত ব্যক্তি কী বলল তা আমলে নিচ্ছে না সরকার। এ হত্যাকাণ্ডে (হাদি হত্যাকাণ্ড) জড়িত সন্দেহে ভারতে গ্রেফতারকৃত আসামিদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে কাজ করছে সরকার।

















