খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় ‘ফনী’ মোকাবেলায় প্রস্তুতি সভা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ এর প্রভাবে সম্ভব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়িতে আগাম প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন।
সভা থেকে দুর্যোগ মোকাবেলায় সকলকে সর্বোচ্চ সর্তক থাকতে আহবান জানানো হয়।
এজন্য ফায়ার সার্ভিস, চিকিৎসক, বিদ্যুত সরবরাহ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, আশ্রয় কেন্দ্র এবং উদ্ধার তৎপরতার জন্য সেচ্ছাসেবক প্রস্তুত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
এছাড়া জেলা ও জেলার বিভিন্ন উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে তাদের দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সভায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটু আই মেজর সালাহ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেম, পৌর মেয়র রফিকুল আলম, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জসিম উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

















