খাগড়াছড়ি জেলা হিল উইমেন্স ফেডারেশনের কাউন্সিল সম্পন্ন

হিল

পার্বত্যনিউজ ডেস্ক:

“পার্বত্য চট্টগ্রামের একমাত্র সমাধান পূর্ণস্বায়ত্তশাসন মেনে নাও, সমাজ ও জাতি রক্ষার সংগ্রামে নারী সমাজ এগিয়ে আসুন” এই দাবি ও আহ্বান সম্বলিত শ্লোগানের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন‘র খাগড়াছড়ি জেলা শাখার ১১তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে মিশুক চাকমা-কে সভাপতি, মিনাকী চাকমা-কে সাধারণ সম্পাদক ও অবনিকা চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

শুক্রবার সকালের দিকে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ ঠিকাদার কল্যাণ সমিতি ভবনে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা।

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা‘র সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক রিকো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা প্রুমখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, ভূমি বেদখল, সাম্প্রদায়িক হামলার ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। গত বছর পার্বত্য চট্টগ্রামে ৩৪ জন পাহাড়ি নারী ধর্ষণ, খুন ও নির্যাতনের শিকার হয়েছে দাবী করে বক্তারা বলেন, নানিয়ারচরের বগাছড়িতে পাহাড়িদের ৩টি গ্রামে হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে।

একদিকে নারী নির্যাতন, অপরদিকে ভূমি বেদখলের মাধ্যমে সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের অস্তিত্ব বিলীন করে দেয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে দাবী করে তারা এর বিরুদ্ধে নারী সমাজ সহ সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তাই পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে সরকারকে পূর্ণস্বায়ত্তশাসনের দাবি মেনে নিতে হবে।

কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে মিশুক চাকমা-কে সভাপতি, মিনাকী চাকমা-কে সাধারণ সম্পাদক ও অবনিকা চাকমা-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা।

কাউন্সিল অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশন‘র দীঘিনালা থানা শাখার অর্থ সম্পাদক জুঁই চাকমা। শোক প্রস্তাব পাঠ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অধিবেশন শেষে নতুন কমিটির নেতৃত্বে ঠিকাদার সমিতি ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন