গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি সদর থানা শাখার কাউন্সিল সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি: ‘অর্পিত দায়িত্ব পালনে সক্ষম, ব্যক্তি স্বার্থন্বেষী, সুযোগসন্ধানী, আপোষকামীতা পরিহার করে সংগঠনকে অধিকতর শক্তিশালী করতে আদর্শস্থানীয় হয়ে লড়াই সংগ্রামে ঝাপিয়ে পড়ুন’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি সদর থানা শাখার ৩য় কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি সদর থানা শাখা এর দপ্তর সম্পাদক সাক্ষরিত শনিবার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব অতুল বিকাশ চাকমার সঞ্চালনায় ও কৃঞ্চচরণ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন ইউপিডিএফ, এর খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমা প্রমূখ। কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য হৃদয় বিন্দু চাকমা।
বক্তারা বলেন, দেশ ও জাতির অধিকার আদায়ের জন্য ছাত্র ও যুব সমাজকে অধিকতর ভূমিকা রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থে ব্যক্তির সমস্ত স্বার্থকে পরিহার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠী জাতিসত্তাসমূহকে ধ্বংস করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিনিয়ত একের পর এক জাতি ধ্বংসের নীলনক্সা বাস্তবায়ন করে যাচ্ছে। সরকার স্বরাষ্ট্রমন্ত্রালয়ের দমনমূলক জারিকৃত গণবিরোধী ১১ নির্দেশনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসনকে বৈধতা দিয়ে পাহাড়ীদের উপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।
বক্তারা গত ১১ ফেব্রুয়ারি মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে পিসিপি কলেজ শাখার মিছিল থেকে ফেরার পথে মেজর আতিক কতৃক ছাত্রদের আটকিয়ে মারধর করার হুমকি ও খারাপ আচরণের নিন্দা জানান।
পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কৃঞ্চচরণ ত্রিপুরাকে সভাপতি, অতুল বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক এবং জিকেল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা।


















