এনএসইউ সোশাল সার্ভিসেস ক্লাবের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ৯ মার্চ রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে ইফতার ও আসন্ন ঈদের নতুন পোশাক প্রদান করা হয়।
ক্লাবের সদস্যরা জানান, পবিত্র মাস রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে এই ঈদুল ফিতরের আনন্দ আরও দ্বিগুণ করে তোলা। এই আয়োজনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতার বিতরণ এবং নতুন ঈদের পোশাকের ব্যবস্থা করা হয়, যাতে তারা পবিত্র রমজানের আনন্দ ও আসন্ন ঈদের উৎসব আরও আনন্দঘনভাবে উদযাপন করতে পারে।
এই উদ্যোগের অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মোট ৫৫০টি ঈদের পোশাক বিতরণ করা হয়, যার মধ্যে মেয়েদের জন্য ২৫০টি এবং ছেলেদের জন্য ৩০০টি পোশাক প্রদান করা হয়।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। পুরো আয়োজনজুড়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং কৃতজ্ঞতার অনুভূতি।
ক্লাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশাল সার্ভিসেস ক্লাবের অন্যতম লক্ষ্য। এই ক্লাব বিশ্বাস করে যে, সমাজের কল্যাণে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

















