ভারতে ভয়াবহ তুষারধস, নিহত ৭

fec-image

ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখ সংযোগকারী শ্রীনগর-লেহ মহাসড়কের জোজিলা পাসে ভয়াবহ তুষারধসে অন্তত সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) জাতীয় মহাসড়ক এনএইচ-১–এ এ দুর্ঘটনা ঘটে।

তুষারধসটি জোজিলা পাসের লাদাখ অংশে আঘাত হানে। এতে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বরফ অপসারণ ও যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন ব্যাপক উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারগিলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব সরকারি সংস্থা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-কে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে বিআরও ও পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে এখনও কেউ আটকে আছে কি না তা খুঁজে দেখছেন।

৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর-লেহ মহাসড়কটি অঞ্চলের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে তেমনই ঝুঁকিপূর্ণ। ভারি তুষারপাত ও দুর্গম ভূপ্রকৃতির কারণে শীতকালে প্রায়ই এই সড়কের ওই অংশ বন্ধ থাকে। এ সমস্যা সমাধানে জোজিলা পাসের নিচ দিয়ে একটি দীর্ঘ টানেল নির্মাণাধীন, যা চালু হলে সারা বছর লাদাখের সঙ্গে নিরাপদ যোগাযোগ নিশ্চিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তুসারধস, নিহত, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন