জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা


টানা কয়েকদিনের বৃষ্টিতে ভিজে গেছে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ। তবে বৈরী আবহাওয়া মাথায় রেখেই আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন। নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলেও জানান তিনি।
ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাঠের চারপাশ ও প্রবেশপথগুলোতে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জাতীয় ঈদগাহে পাঁচটি প্রবেশদ্বার রয়েছে এবং প্রতিটি গেটেই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, রাজধানীর সব ঈদের জামাতই নিরাপত্তা নজরদারির আওতায় থাকবে। ফাঁকা বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকায় মোবাইল পেট্রোলিংসহ তিন ধরনের টহল ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি সিসিটিভির মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারি করা হবে।

















