দীঘিলায় পাহাড় কাটার অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা


দীঘিনালা উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটায় চারজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ট্রাক জব্দ করা হয়েছে বলে দিঘীনালার ইউএনও ফাহমিদা মুস্তফা জানিয়েছেন। গেল বুধবার রাতে উপজেলার জুরজুরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায় উপজেলার ১নং মেরুং ইউনিয়নের জুরজুরি পাড়া এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। পরে সেখানে অভিযান পরিচালনা করে হাতেনাতে চারজনকে আটকসহ একটি ট্রাক জব্দ করা হয়।
ইউএনও আরও জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিল। খবর পেয়ে রাতেই উপজেলার মেরুং এলাকায় অভিযান চালানো হয়। সেখানে হাতেনাতে চারজনকে ধরে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া মাটি বহনকাজে নিয়োজিত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জরিমানা না দিলে বিকল্প হিসেবে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান লঙ্গন করে পাহাড় কাটায় তাদের এই জরিমানা করা হয়েছে জানিয়ে ইউএনও বলেন, প্রশাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

















