নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৮ নাগরিক আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিজিবি বলছে, আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সদস্য বলে দাবি করেছেন। একইদিন সন্ধ্যায় তাঁদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক তবে মিয়ানমারের কোন বাহিনীর সদস্য কি না, এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০), নাইং (২০)। এরা সকলেরই মিয়ানমারের মংডু জেলার ডেকিবুনিয়ার বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল বলেন, ‘কক্সবাজার ৩৪বিজিবি ৮ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত অনুপ্রবেশের ঘটনায় মামলা করা হচ্ছে।’
ঘুমধুম সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, মিয়ানমারের আটজন নাগরিক রাখাইন রাজ্যের কাঁটাতারের সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে সীমান্ত পিলার ৪১ নম্বর অতিক্রম করে গাছবুনিয়া এলাকায় এসে আশ্রয় নেন।
রাখাইন রাজ্যের সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন বলে স্থানীয়দের জানান আটককৃতরা। খবর পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।

















