পানছড়ির সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
পানছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার ২নং চেংগী ইউনিয়ন এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের সভাপতি পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: জাহেদুল আলম।
অনুষ্ঠানের শুরুতে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের নামফলক উম্মোচন করেন। দুপুর ১২টা থেকে শুরু হয় আলোচনা সভার পর্ব। পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২নং চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা।
প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মায়ের স্মৃতি ধরে রাখতে দাতা প্রমোদ বরণ চাকমা যে দৃষ্টান্ত স্থাপন করে সারিবালা মহাবিদ্যালয় স্থাপন করতে যাচ্ছেন তা এক বিরল দৃষ্টান্ত। সকলের সহযোগিতা ঐক্য ও একতার মধ্য দিয়েই এই কলেজটিকে উন্নতির শিখরে এগিয়ে নেয়া সম্ভব হবে বলে তিনি জানান। তিনি এই কলেজ নির্মাণে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরণের সহযোগিতার হাত বাড়াবেন বলেও আশ্বাস প্রদান করেন।
এ আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাবেক পৌর মেয়র মংক্যচিং চৌধুরী, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক, অ্যাডভোকেট সুপাল চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগ নেতা খগেশ্বর ত্রিপুরা, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সতীশ চন্দ্র চাকমা, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, শিক্ষক অনুপ দত্ত চাকমা, এমপির ব্যক্তিগত সহকারী খগেন ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব ও যুবলীগ সাধারণ সম্পাদক নাজির মাহামুদ প্রমুখ।
উল্লেখ্য, খাগড়াছড়ি মহাজন পাড়া এলাকার হরিকমল মহাজনের সহধর্মিনী সারিবালা চাকমা। বর্তমানে তারা দু’জনেই প্রয়াত। তাদের ছেলে প্রমোদ বরণ চাকমা মায়ের স্মৃতিকে আকড়ে ধরতে পানছড়ির পূজগাং এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার এক রঙিন স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দাতা সদস্য হয়ে ১৫ লাখ টাকা অনুদান দিয়ে এই কলেজকে মমতাময়ী মা সারিবালার নামেই নামকরণ করেন।


















