পাহাড়ের জাতিগোষ্ঠীদের স্বাস্থ্যমূলক জন সচেতনতা বৃদ্ধি করতে হবে-সামসুল আরেফিন
স্টাফ রিপোর্টার:
রাঙামাটি জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন বলেন, পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের স্বাস্থ্য বিষয়ে তেমন সচেতনতা নেই। তার কারণ প্রত্যন্ত এসব অঞ্চলে বিভিন্ন সেবা পৌঁছাতে পারে না। তাই স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হলে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে।
বুধবার সকাল ১১টায় শহরের চম্পক নগর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এ সময় কর্মশালায় রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহনেওয়াজ, ঢাকার আইইএম এর কর্মকর্তা প্রবীর কুমার সেন, ডা. বেবী ত্রিপুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, জনসংখ্যা ও উন্নয়ন শব্দ দু’টি খুবই ব্যাপক এবং পরস্পর সম্পৃক্ত। একটি দেশের জনসংখ্যার আকার, বয়স কাঠামো, কারিগরি ও তথ্য প্রযুক্তির জ্ঞান, স্বাস্থ্যব্যবস্থা সর্বোপরি সুশাসনের উপর নির্ভর করে দেশটির সামগ্রিক উন্নয়ন। দেশের স্বাস্থ্যব্যবস্থা, রোগব্যাধি, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, পরিবেশ, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার, নারী ও শিশু অধিকারসহ সকল মানব-উন্নয়ন সূচককেই জনসংখ্যা প্রভাবিত করে। তিনি পাহাড়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে স্বাস্থ্য কর্মী ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সচেতনতামূলক কর্মশালায় জেলা ও উপজেলার প্রায় ৪০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।


















