প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী জয়পুরহাটে


প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী এসেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুসুমশহর গ্রামে। এ গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম (২৯) এর সঙ্গে অনলাইনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করে ক্ষেতলালে এসেছেন। তার স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) ইন্দোনেশিয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, ক্ষেতলাল উপজেলার কুসুমশহর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান শাকিউল ইসলাম। তিনি লেখাপড়া শেষ করে চাকরির উদ্দেশ্যে ঢাকা শহরে যায়। সেখানে প্রাইভেট কোম্পানির চাকরির পাশাপাশি ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং ডটকম নামের একটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত দুইমাস পূর্বে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের মুসলিম রীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর ১৮ জুন মঙ্গলবার বিকাল ৫টায় নবদম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়িতে আসেন। নবদম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।
এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর ধরে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠিত হবে।

















