মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : মোজতবা খামেনি

fec-image

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে এবং অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মোজতবা খামেনি আরও বলেন, শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ, সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

গত সপ্তাহান্তে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই মোজতবা খামেনির প্রথম বক্তব্য।

ইরানের এই সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আক্রমণের মুখে দেশকে অধীন বা বিভক্ত হতে দেয়নি সামরিক বাহিনী। তিনি বলেন, আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে, তখন সাহসী যোদ্ধারা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সে জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

মোজতবা খামেনি দাবি করেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সমর্থন করছে। তিনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ বাহিনীও তাদের ভূমিকা পালন করবে এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামী বিপ্লবকে সহায়তা করতে চায়।
তিনি আরও বলেন, ইরানের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও উন্নত করা।

এ ছাড়া মোজতবা খামেনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসাও দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন