টেকনাফে আসামী আটকের সময় র‍্যাবের ওপর হামলা ও বাইকে আগুন

fec-image

কক্সবাজারের টেকনাফে ১৭টি মামলার পলাতক আসামি ও স্থানীয় অপরাধ জগতের হোতা মোঃ ফরিদুল আলম ওরফে মেহেদী হাসান ওরফে ফরিদকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালীন আসামির সহযোগীদের হামলায় র‍্যাবের অন্তত ৭-৮ জন সদস্য আহত হয়েছেন এবং র‍্যাবের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬:১৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া খেলার মাঠ এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল। সেখান থেকে হত্যা, মাদক, অস্ত্র ও মানিলন্ডারিং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারের পরপরই ফরিদের নির্দেশে ১০০-১৫০ জন লোক দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ৭-৮ জন র‍্যাব সদস্য আহত হন। উত্তেজিত জনতা অভিযানে ব্যবহৃত র‍্যাবের একটি সরকারি মোটর সাইকেলসহ মোট দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ পুড়িয়ে দেয়।

​গ্রেপ্তার ফরিদ টেকনাফের নাজিরপাড়া গ্রামের সিদ্দিক আহমদের ছেলে। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী ​তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক এবং অস্ত্রসহ মোট ১৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

​সে এলাকায় সন্ত্রাসীদের গডফাদার এবং অপরাধীদের প্রধান আশ্রয়দাতা হিসেবে পরিচিত। সরকারি কাজে বাধা প্রদান ও মারামারির একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

​র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে র‍্যাবের ওপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক মামলার প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন