বন্যায় বাঘাইছড়িতে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি


গত দু’দিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ির কাচালং নদীর পানি বাড়ায় উপজেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে জানানো হয়, বাঘাইছড়িতে এক হাজার ৬১৬ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এতে ১১১ হেক্টর বীজতলা, এক হাজার ২২০ হেক্টর আউশ ধান, ২২৫ হেক্টর সবজি ক্ষেত এবং ৬০ হেক্টর জমিতে চাষকৃত আদা-হলুদ ফসল নষ্ট হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহম্মদ বলেন, এখনো ফসলের ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়নি। বেশিরভাগ ঘর-বাড়ি থেকে পানি সরে গেলেও ফসলি জমিতে পানি রয়েছে বলে জানান তিনি।
বাঘাইছড়ি উপজেলা মৎস্য বিভাগের সর্বশেষ তথ্য মতে ৬৪টি পুকুরের মাছ নদীর পানিতে ভেসে গেছে। এতে মৎস্য চাষীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা মো. মেহেদি হাসান বলেন, ৬৪টি পুকুরের মাছ ভেসে যাওয়ার তথ্য থাকলেও এ সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেকে তথ্য দেয়নি। পুরো তথ্য পেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানান এ মৎস্য কর্মকর্তা।
এই উপজেলায় গত দুু’দিনে কাচালং নদীতে ডুবে ২শিশুর মৃত্যু হয়েছে। নদীর পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছেড়ে যাচ্ছে মানুষ।

















