বিজিবির হাতে সীমান্তে আটক আরও ১০ জন


ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের যাওয়ার সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে আটক ১০ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তলুইগাছা সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের বুঝিয়ে দেয় বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার রাতে ১০ জনকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের বাড়ি রাঙামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেহাট জেলায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চার শিশু রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিমুল হক বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় ১০ জনকে আটক করে বিএসএফ। পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে সবাইকে স্বজনের জিম্মায় বুঝিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বাংলাদেশি কিছু নারী-পুরুষ পাসপোর্ট ছাড়াই ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এমন তথ্য পেয়ে বিজিবির টহলদল খোশালপুর মাঠে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একজন পুরুষ, চারজন নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

















