ভিসা-সংক্রান্ত হঠাৎ পরিবর্তন এনেছে ভারত


দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে ইচ্ছুক বিদেশিদের জন্য ভিসা-সংক্রান্ত নিয়মে হঠাৎ পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একই সঙ্গে বিদেশি নাগরিকদের সন্তানদের বিষয়ে কিছু ক্ষেত্রে ছাড় এবং হাসপাতালগুলোর রিপোর্টিং ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতে অনুমোদিত ভিসা মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশিদের এখন থেকে আরও আগে নিবন্ধন করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা সংশোধিত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলসে এ পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারীদের ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগের নিয়মে, যোগ্য বিদেশি নাগরিকরা ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধন করতে পারতেন।
গতকাল সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫-এর ১২ নম্বর বিধি সংশোধন করা হয়েছে। এতে ‘ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে’ নিবন্ধনের বিধান পরিবর্তন করে ‘১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগের যেকোনও সময়’ নিবন্ধন সম্পন্ন করার শর্ত যুক্ত করা হয়েছে।
এর ফলে নিবন্ধনের সময়সীমা কার্যত এগিয়ে আনা হয়েছে। সরকারের মতে, এর মাধ্যমে ভারতে অবস্থানরত বিদেশিদের ওপর নজরদারি জোরদার করা এবং অভিবাসন তদারকি প্রক্রিয়া আরও কার্যকর করা সম্ভব হবে।
এই সংশোধন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যাদের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও প্রতিবার ভারতে অবস্থানের সর্বোচ্চ সময়সীমা ১৮০ দিন নির্ধারিত রয়েছে। এ ধরনের ভিসাধারীরা যদি একটানা বা এক ক্যালেন্ডার বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তাহলে তাদেরও ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ভারতের সরকার আরও স্পষ্ট করেছে, নির্ধারিত সময়ের বেশি থাকার অনুমতি কেবল ‘জরুরি পরিস্থিতিতে’ দেয়া হবে। ফলে অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়ার সুযোগ আগের তুলনায় সীমিত হবে।
এদিকে সংশোধিত নিয়মে ভারতে জন্ম নেয়া বিদেশি নাগরিকদের সন্তানদের বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, বাবা-মায়ের একজন বা উভয়েই বিদেশি হলে সন্তানের জন্মের ৩০ দিনের মধ্যে নির্ধারিত অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন কর্মকর্তাকে বিষয়টি জানাতে হতো। নতুন ভিসা বা দেশত্যাগের অনুমতিপত্রসহ বিভিন্ন ভিসা-সংক্রান্ত সেবা পেতে এটি বাধ্যতামূলক ছিল।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের পর বাধ্যতামূলকভাবে এ তথ্য জানানোর প্রয়োজন হবে না। তবে পরে যদি ওই সন্তান ভারতে বসবাসরত অবস্থায় অন্য কোনও দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে সন্তান বিদেশি নাগরিকত্ব পাওয়ার ৩০ দিনের মধ্যে বাবা বা মাকে নিবন্ধন কর্মকর্তাকে বিষয়টি জানাতে হবে।
এছাড়া নতুন প্রজ্ঞাপনে হাসপাতাল, নার্সিং হোম এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর রিপোর্টিং ও প্রশাসনিক প্রক্রিয়াতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের থাকার বা রাত্রিযাপনের সুবিধা দেয়, তাদের ক্ষেত্রে নতুন রিপোর্টিং বিধান কার্যকর হবে। তবে সরকারের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ভূমিকা বা দায়িত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়নি; বরং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস-এর আওতায় তাদের রিপোর্টিং ও নিয়ম প্রতিপালন সংক্রান্ত বিধানগুলো হালনাগাদ করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

















