টেকনাফে নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি

fec-image

উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচনী কর্মকর্তাদের ফেরার পথে তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ছোড়া হয়েছে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি। এতে কেউ হতাহত না হলেও ট্রলারে গায়ে গুলি লেগেছে।

বুধবার (৫ জুন) সেন্টমার্টিন-দ্বীপে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শেষে ফেরার সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন-দ্বীপ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহপরীর-দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, সেন্টমার্টিন-দ্বীপে ভোট গ্রহণ শেষে ফেরার সময় সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাঝ সাগরে নির্বাচনী টিম বহনকারী দু’টি জাহাজের উপর হঠাৎ গুলিবর্ষণ করে। বৃষ্টির মতো গুলি এসে জাহাজে লাগে। আমরা দ্রুত ভেতরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে দিই। তবে কে বা কারা গুলিবর্ষণ করেছে তা জানা ও দেখা সম্ভব হয়নি। মিয়ানমারের দিক থেকে গুলি এসেছে এটা নিশ্চিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান বলেন, ‘নির্বাচনী টিম বহনকারী দু’টি জাহাজের উপর গুলিবর্ষণের ঘটনা সত্য।প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনা শুনেছি। তবে কে বা কারা কি উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে তা জানা যায়নি। নির্বাচনী টিম অক্ষত অবস্থায় রাতে ফিরে এসেছেন। বিষয়টি বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী খতিয়ে দেখছেন’।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন