মাটিরাঙ্গায় হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল
উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: আবদুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেফতার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিলসহ জেলা বিএনপি’র ১৬ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ, অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে চলছে।
হরতালকে ঘিরে সকাল থেকেই মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মো: জিয়াউর রহমান এর নেতৃত্বে বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পিকেটিং অব্যাহত রেখেছে। মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। পৌর সদরে ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশাসহ সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। সকল প্রকার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস, ব্যাংক খোলা থাকলেও অলস সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
দেশব্যাপী ১৮দলীয় জোটের ডাকা ৩য় দফার ২য় দিনের সড়ক অবরোধ কর্মসূচির মধ্যে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ডাকা হরতালের কারণে বিপাকে পড়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। হরতালের কারণে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের সকল পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান‘র নেতৃত্বে হরতালের শুরুতেই মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা যেকোন মুল্যে হরতাল সফল করতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়ে বলেন, খাগড়াছড়ির ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী জননেতা ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই ছাত্রদল রাজপথে যেকোন শান্তিপূর্ণ কর্মসুচি পালন করে যাবে। কোন শক্তি ছাত্রদলের নেতাকর্মীদের পিছু হটাতে পারবেনা।
তারা অভিলম্বে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: আবদুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেফতার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিলসহ জেলা বিএনপি’র ১৬ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ, অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।
মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মো: জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: গিয়াসুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো: আলাউদ্দিন চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি মো: হারুনুর রশিদ প্রমুখ।
হরতালকে ঘিরে এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন ধরনের নাশকতা এড়াতে উপজেলার বিভিন্ন স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পার্বত্যনিউজকে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান।



















